অনুচ্ছেদ রচনা লেখার সঠিক নিয়ম: পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সহজ গাইড

Join Telegram Channel

বাংলা ২য় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ বিষয় হলো অনুচ্ছেদ রচনা। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনুচ্ছেদ রচনা লিখতে বলা হয়।

আমাদের মধ্যে অনেকেই এখনো অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ বা রচনার মধ্যে গুলিয়ে ফেলেন, যার ফলে পরীক্ষায় আশানুরূপ বা কাঙ্খিত নম্বর আসে না।

তাই আজকের আর্টিকেলে আমরা বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ রচনা লেখার সঠিক নিয়ম, অনুচ্ছেদ আসলে কী, এটি কত পৃষ্ঠা লিখতে হয় এবং লেখার সঠিক কৌশলগুলো কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

অনুচ্ছেদ রচনা নিয়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর (FAQ)

গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে শিক্ষার্থীরা অনুচ্ছেদ রচনা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, তারই ধারাবাহিকতায় যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, নিচে সেগুলোর সহজ ও একাডেমিক উত্তর দেওয়া হলো:

১. অনুচ্ছেদ শব্দের অর্থ কি?

বাংলা ‘অনুচ্ছেদ’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ‘Paragraph‘। অনুচ্ছেদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কোনো বড় লেখার একটি ছোট অংশ বা পরিচ্ছেদ। এবং মনের কোনো একটি বিশেষ ভাব বা ধারণাকে যখন একটি মাত্র সুসংবদ্ধ প্যারাগ্রাফ বা খণ্ডে প্রকাশ করা হয়, তখন তাকে অনুচ্ছেদ বা অনুচ্ছেদ রচনা বলা হয়ে থাকে।

 

২. অনুচ্ছেদ রচনা কাকে বলে? (What is Paragraph Writing)

সাধারণত কোনো একটি নির্দিষ্ট বিষয় বা ভাবকে কেন্দ্র করে যখন একগুচ্ছ বাক্যের মাধ্যমে একটি মাত্র পরিচ্ছেদ বা প্যারার মধ্যে মনের ভাবটি সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়, তখন তাকে অনুচ্ছেদ রচনা বলে। এবং অনুচ্ছেদ রচনার মূল বৈশিষ্ট্যগুলো হলো, এখানে (অনুচ্ছেদ রচনায়) কোনো অপ্রাসঙ্গিক কথা থাকবে না এবং পুরো বিষয়টি একটি মাত্র প্যারার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।

 

৩. অনুচ্ছেদ রচনায় কয়টি অংশ কয়টি ও কি কি?

একটি আদর্শ অনুচ্ছেদ রচনায় সুনির্দিষ্ট কোনো প্যারা বা ভাগ থাকে না (পুরোটা অনুচ্ছেদ রচনা একটা প্যারাই হয়), তবে অনুচ্ছেদ রচনার ভেতরের গাঠনিক দিক থেকে এর ৩টি অংশ বা স্তর থাকে যা নিচে দেওয়া হলো:

সূচনা বাক্য (Topic Sentence): অনুচ্ছেদ রচনার প্রথম ১ থেকে ২ লাইনের মাধ্যমে কাঙ্খিত বিষয়টি কী, তা পাঠককে স্পষ্ট করে দেওয়া।

মূল অংশ (Supporting Sentences): অনুচ্ছেদ রচনার মাঝখানের এই অংশে মূল বিষয়টি (অর্থাৎ, অনুচ্ছেদের মূল বিষয়টি) যুক্তি ও তথ্যের মাধ্যমে ব্যাখ্যা করা হয়।

উপসংহার (Concluding Sentence): শেষ ১-২ লাইনের মধ্যে পুরো অনুচ্ছেদের একটি সারসংক্ষেপ বা সিদ্ধান্তমূলক বক্তব্য দিয়ে শেষ করতে হয়।

 

৪. বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা লেখার নিয়মগুলো কি কি? বা অনুচ্ছেদ রচনা লেখার সঠিক নিয়ম

এবার আমরা বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা লেখার নিয়মগুলো কি কি? বা অনুচ্ছেদ রচনা লেখার সঠিক নিয়ম গুলো কি কি তা সম্পর্কে জানবো। পরীক্ষায় অনুচ্ছেদ রচনায় ফুল মার্কস পাওয়ার জন্য নিচের নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে:

  • একটি মাত্র প্যারা: অনুচ্ছেদ রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বড় নিয়ম হচ্ছে অনুচ্ছেদ রচনা অবশ্যই একটি মাত্র প্যারায় (One Paragraph) লিখতে হবে। কোনোভাবেই যেন একাধিক প্যারা লেখা না হয়।
  • অপ্রাসঙ্গিক কথা বর্জন: আপনার লেখা অনুচ্ছেদ রচনাটি বড় করে লেখার কথা ভেবে যেন অপ্রাসঙ্গিক কথা লেখা না হয়। কারণ অনুচ্ছেদ রচনায় প্রবন্ধের মতো ভূমিকা বা উপসংহারের জন্য আলাদা পয়েন্ট করা যাবে না এবং মূল বিষয়ের বাইরে কোনো অতিরিক্ত কথা লেখা যাবে না বা প্রয়োজন নেই।
  • সহজ ও প্রাঞ্জল ভাষা: অবশ্যই মনে রাখবেন যে অনুচ্ছেদ রচনায় বাক্যের গঠন হবে সহজ ও সরল এবং ভাষা হবে আকর্ষণীয় ও মার্জিত। অনুচ্ছেদ রচনায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ বর্জন করতে হবে।
  • বাক্যের ধারাবাহিকতা: একটি আদর্শ অনুচ্ছেদ রচনায় একটি বাক্যের সাথে যেন পরবর্তী বাক্যের সুন্দর মিল বা ধারাবাহিকতা থাকে।
  • উদ্ধৃতি বা কবিতার লাইন এড়িয়ে চলা: অনুচ্ছেদ রচনা লেখার সময় যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে অনুচ্ছেদে কবি বা মনীষীদের দীর্ঘ উক্তি বা কবিতার লাইন ব্যবহার না করাই সবচেয়ে ভালো।

 

৫. অনুচ্ছেদ রচনা কত পৃষ্ঠা লিখতে হয়? বা কত শব্দের হওয়া উচিত?

একটি আদর্শ অনুচ্ছেদ রচনার দৈর্ঘ্য মূলত পরীক্ষার প্রশ্নের নম্বর ও নির্দেশনার ওপর নির্ভর করে। যেমন: একাডেমিক পরীক্ষার (JSC, SSC, HSC) জন্য সাধারণত ১০ নম্বরের একটি অনুচ্ছেদ ১ থেকে ১.৫ পৃষ্ঠা (বা ১৫০ থেকে ২০০ শব্দের) মধ্যে হওয়া আদর্শ। এর চেয়ে বড় করার চেষ্টা করলে তখন এটি অনুচ্ছেদ না হয়ে বরং এটি একটি প্রবন্ধ বা রচনায় রূপ নিতে পারে, যা আপনার মাকর্স বা নম্বর কমিয়ে দিতে পারে।

 

একটি আদর্শ অনুচ্ছেদ রচনার নমুনা বা সম্পূর্ণ উদাহরণ

উপরে আমরা অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার আমরা সেই নিয়ম অনুযায়ী একটি আদর্শ অনুচ্ছেদ রচনার নমুনা বা সম্পূর্ণ উদাহরণ দেওয়া হলো। যাতে করে শিক্ষার্থীরিা পরীক্ষার খাতার বাস্তব ধারণা নিতে পারে।

সেজন্য নিচে “বই মেলা” বিষয়ের ওপর একটি সম্পূর্ণ এবং আদর্শ অনুচ্ছেদ রচনা উদাহরণস্বরূপ দেওয়া হলো:

প্রশ্ন: ‘বইমেলা’ বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।

বইমেলা

বইমেলা হলো এমন এক আনন্দময় মেলা বা প্রদর্শনী, যেখানে বিভিন্ন প্রকাশনীর নানা ধরনের বই প্রদর্শিত ও বিক্রি করা হয়। বর্তমান যুগে বইমেলাকে কেবল বই কেনাবেচার স্থান নয়, বরং এটিকে বাঙালির সংস্কৃতির এক মিলনমেলা বলা হয়। আমাদের বাংলাদেশে প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানে ‘অমর একুশে বইমেলা’ অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মেলা আমাদের জাতীয় জীবনে গভীর তাৎপর্য বহন করে। বইমেলায় গল্প, উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, শিশুতোষসহ সব বয়সী পাঠকদের জন্য বইয়ের সমাহার ঘটে। এই মেলায় দূর-দূরান্ত থেকে লেখক, পাঠক ও প্রকাশকেরা  এসে একত্রিত হন। এবং নতুন বইয়ের সুবাস আর প্রিয় লেখকের অটোগ্রাফ নেওয়ার জন্য পাঠকদের উপচে পড়া ভিড় মেলাকে করে তোলে প্রাণবন্ত। মেলা উপলক্ষে বিভিন্ন সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলা মানুষের মাঝে গড়ে তোলে বই পড়ার অভ্যাস এবং অজ্ঞতার অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করতে সাহায্য করে। সর্বোপরি, চেতনা ও মননশীলতার বিকাশে বইমেলার ভূমিকা অনস্বীকার্য।

 

লক্ষ্য করুন: এই অনুচ্ছেদ রচনাটি কোনো পয়েন্ট বা প্যারা ছাড়াই শুধু মাত্র একটি খণ্ডে লেখা হয়েছে।

 

আরও পড়ুন:

 

শেষ কথা

আজকের এই আর্টিকেলে আমরা বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম এবং এর সঠিক কাঠামো নিয়ে বিস্তারিত জানলাম। সহজ ভাষায় অনুচ্ছেদ লেখার মূল চাবিকাঠি হচ্ছে অল্প কথায় নির্দিষ্ট বিষয়টিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। নিয়মিত চর্চা ও বানানের দিকে সচেতন থাকলে পরীক্ষায় অনুচ্ছেদ রচনায় খুব সহজেই সর্বোচ্চ নম্বর পাওয়া সম্ভব।

Spread the love
Join Telegram Channel

হ্যালো "ট্রিকবিডিব্লগ" বাসী আমি ওসমান আলী। দীর্ঘদিন থেকে অনলাইনে লেখালেখির পেশায় যুক্ত আছি। Trick BD Blog আমার নিজের হাতে তৈরি করা একটি ওয়েবসাইট। এখানে আমি প্রতিনিয়ত ব্লগিং, ইউটিউবিং ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স রিলেটেড আর্টিকেল প্রকাশ করে থাকি।

Leave a Comment